অধিবৃত্তের চোখ
পড়ন্ত বিকেলের রোদের আকাশে শহুরে চিলগুলো মাছের মতো ভেসে বেড়ায়। আমার ওদের দেখার অবসর আছে। আমি অবসর উদ্ভাবন করি, বিক্রি করি, ক্রয় করি, উদযাপন করি। ওরা দূরের আকাশ হতে আমাকে দেখে, আমি ওদের দেখি। আমি নদীর জলে ডুব দেই, ওরা নদীর গভীরে উড়ে বেড়ায়। আমার ওদের কল্পনা করার অবসর আছে। আমি অবসর কল্পনা করি, ধার করি, চুরি করি, পান করি। আর যত বিকেল আসে, আমি সকল বিকেল নিয়ে একটি বিকেল করি; সকল আকাশ নিয়ে একটি আকাশ করি। সকল রোদ নিয়ে এক বিকেল রোদ নির্মাণ করি। তখন সকল চিল মিলে একটি চিল হয়। তারপর ওটা সকল আমি’র আকাশে উড়তে থাকে। আমি আবার যখন নদীতে ডুব দেই, ওটা নদীর গভীর উড়ে বেড়ায়, ওটা নদীর আকাশে ভেসে বেড়ায়, আকাশের আকাশে ভেসে বেড়ায়, আকাশের নদীতে উড়ে বেড়ায়। আমার আকাশের নদীর নদীতে উড়ে বেড়ায়, আকাশের নদীর নদীর আকাশে ভেসে বেড়ায়। অগণিত নদীর গভীরে চিলটি উড়তে থাকে, আমি অগণিত নদীতে ডুব দেই।