Poetry

ইচ্ছা বিষয়ক সন্দর্ভমালা

ইচ্ছা বিষয়ক সন্দর্ভমালা

🌿

শালিকের চোখ থেকে ছেড়ে যাচ্ছে জাহাজ—মাতৃগর্ভ দিক নিজস্ব রঙের কাক—মুহূর্তে হলুদ কিংবা সবুজ—অশরীরী

শূন্যতা জাতক কয়েকটা মাছ একটা বৈঠা ও আধভেজা গাঙ।

কোনো পূর্বাপর স্বপ্ন ব্যাখ্যা নয়—অনতিক্রম্য প্রফেসিও নয়

উৎস থেকে নোঙ্গর—ঠিক যতটা দূর ততদূর আসন্ন শীতকাল।

স্বস্তি ও উত্তেজনা তার ব্যর্থ নিমিত্ত মাত্র। শোনো—

অপ্রাসঙ্গিক দ্বন্দের মধ্যবর্তী নারী কিংবা নিবেদিত প্রাণ—

প্রেম কিংবা মাতৃস্নেহ—ঋতুকালীন বিষণ্ণতায় ক্ষয়ে যাচ্ছে সব।

সম্ভাবনার পরাভব, ফিরিয়ে দাও ফলদ সম্বল—উজ্জ্বল ধানক্ষেত।

ইচ্ছা পূরণের অনুষঙ্গ নিয়ে—আবার যদি মানুষ—ফিরতে পারে

জলে—মীনে—মাতায়। ঘূর্ণায়মান জলস্রোত—সুবিস্তৃত চুলরাশি—

অথবা ছেঁড়া উৎকণ্ঠা—স্থিতি ও শান্তি রেখা বালিশ পর্যন্ত নয় কি?


— End —