Poetry

সাদাকালো হাওয়া

Shahran Morshed
সাদাকালো হাওয়া

বন্ধ চোখের পাতায়— আলতো করে হাত বুলিয়ে দিলো রোদ। কোহেনের কণ্ঠের মতো নরম রোদ। এমন সব স্পর্শ ভালো লাগে। ভালো লাগে স্লো সিনেমাও। অভিমানের একটা যুতসই ইংরেজি শব্দ খুঁজতে খুঁজতে বেলা বয়ে গেলো, হায়! আর একেই বলছি স্লো সিনেমা, অন্তত এই মুহূর্তে

শেষ বিকেলে— পুরনো কয়েনের মতো পড়ে রয়েছে দুফোটা বিষাদ। তার ব্যথার গহিনে যাই। শেকড়বাকড় খুঁজি। সমুদ্র যে কত তৃষ্ণার্ত, কে জানে! আমি জানালা খুলে রাখি। একগুচ্ছ বাতাস আসে। আবার ফিরে যায়। কী যেন রেখে যায়। 

জানি না নাম, ঘ্রাণ জানি শুধু। এমন ফুলের কাছে খুলে রাখি ভাবনার পোশাক। জানি না নাম, ডাক বুঝি শুধু। এমন পাখির কাছে লিখে যাই চিঠি অবিরাম। উত্তরের কিছু নেই। উত্তরের কিছু ছিলো না কোনোদিন। 

মাটির কী রঙ? জানি না ঠিক। যদিও তোমাদের লিখেছি কত মাটির স্রোত, জমিয়েছি কত মাটিরঙ। পরিচিত রাস্তা ধরে হেঁটে গেছি এলোপাথাড়ি। আর শুনেছি বেলা'র সিনেমার ভেতর— সাদাকালো হাওয়া— আমাকে ডাকে রোজ, ডেকে যায় অবিরাম


— End —

About the Author

Shahran Morshed