Poetry

উইপোকাচরিত

Genre / Keywords Surrealism Romanticism
Sham Pulok
উইপোকাচরিত

প্রেমিকাকে আদর করে বেশ্যা ডাকলে, ও ঠিকই বেশ্যার মত করে মুখে রঙ মেখে নেয়। হাসে বেশ্যার মত, কথা বলেও বেশ্যার মত। আর আমি অচেনা নারীর প্রেমে পড়ি; মৌচাকে ঢিল না মারলেও মৌমাছি আগুন খুঁজতে এসে হুল ফুটিয়ে যায়। তবুও আমি মদ্যপ হতে মদ পান করি জীবনের এক অসহায় ধূম্রজালে নিজেকে আবিষ্কার করেও ধূমপান করি।

 

কিন্তু নদী বলতে আমি কিছু চিনতে পারি না। সমুদ্রের ঢেউ আমার কোলে এসে আছড়ে পড়ে না। পর্বতের চূড়া থেকে আমি ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু মরিনি বলে ভেবেছি স্বপ্নে ছিলাম। যেমন আজও জীবিত বলে ভেবে নিয়েছি আমি স্বপ্নে আছি; যেমন আমার সকল বিষ প্রেমিকা শুষে নিয়েছে, খুনের প্রবল ইচ্ছে নিয়েও খুনি নই; যেমন এক অচেনা নারীর ঠোঁট কামড়ে ধরার দৃশ্যে তাকে ধর্ষণ করার অসম্ভব কামনাতেও তার কাছে যাইনি। নিজের অস্তিত্ব নিয়ে লজ্জিত থেকেও আমার রূপান্তর ঘটেছে। স্থবিরতা আমার ভবিষ্যৎ লুফে নিলেও আমি বদলে গেছি।

 

তারপর হঠাৎ উইপোকা এসেছে। ওরা ঘুমিয়ে থাকা প্রেমিকার পুরো শরীর ছেয়ে ফেলেছে। যদিও আমার প্রেমিকা মৃত্তিকা নয়। শৈশবের নেশাতুর অবহেলায় সৌন্দর্য খুঁজিনি ভেবেও আমি বৃদ্ধ নই; জেগে ওঠার অপেক্ষায় তাই নিজেকে রুখে দেইনি। যে নারীকে আর কেউ ভালবাসে না, তাকে উইপোকা খেয়ে নিয়েছি ভেবে ঘুম ভাঙাতেও যাইনি। ও ঘুমিয়ে থাকআর বন্দিত্ব নেই জেনেই একদিন অন্য প্রেমিকাকে উইপোকায় খেয়ে নেয়ার অপেক্ষায় থাকবো।


— End —